Views Bangladesh Logo

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একইসঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করবেন বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শোনা যাচ্ছে যে পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসতে পারে; সেটা কি শিগগিরই আসবে নাকি আরও দেরি হতে পারে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আর কি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে ১৫ দিন আগে করতে হয়। এই সামারিটা সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। এরপর রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি এবং মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে।

তিনি বলেন, সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন: সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে; অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে, সেগুলো সংসদের নৈমিত্তিক কার্যক্রম।

নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয় আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, সে বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। তবে স্পিকার নির্বাচন পরে হবে বলে জানান তিনি।

মোহাম্মদপুরের আদাবরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, এই ধরনের কর্মকাণ্ডগুলোতে আপনারা কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, এরকম একটা সংবাদ আমাদের কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে বলেছি। যদি সেরকম কিছু হয় আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ