Views Bangladesh Logo

হাইতির বিপক্ষে পরিবর্তনের আভাস, কেমন হতে পারে ব্রাজিলের একাদশ?

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা।

প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও খেলোয়াড়দের ওপর আস্থা হারাচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেননি, তাদের অনেককেই আরেকটি সুযোগ দিতে চান।

ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় এই ম্যাচেও থাকছেন না নেইমার। ফলে আক্রমণভাগে আবারও নির্ভর করতে হবে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও ইগর থিয়াগোর ওপর।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আনচেলত্তি তার পরিচিত ৪-৩-৩ ফর্মেশনেই দল সাজাতে পারেন। গোলপোস্টের নিচে থাকবেন অ্যালিসন বেকার। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন মারকুইনহোস। তার সঙ্গে থাকতে পারেন গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোস। ডান প্রান্তে রজার ইবানেজের বদলে অভিজ্ঞ দানিলোকে দেখা যেতে পারে।

মাঝমাঠে আসতে পারে সবচেয়ে বড় পরিবর্তন। অভিজ্ঞ ক্যাসেমিরোকে বেঞ্চে রেখে শুরু করানো হতে পারে ফাবিনহোকে। তার সঙ্গে থাকবেন ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকুয়েতা।

কাগজে-কলমে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হাইতির বিপক্ষে ব্রাজিল বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে। ম্যাচের একপর্যায়ে তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক, মাথিউস কুনহা কিংবা লুইস হেনরিকের মতো খেলোয়াড়দেরও দেখা যেতে পারে।

সম্ভাব্য একাদশ (ব্রাজিল):অ্যালিসন বেকার; দানিলো (বা রজার ইবানেজ), মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; ব্রুনো গিমারায়েস, লুকাস পাকুয়েতা, ফাবিনহো (বা ক্যাসেমিরো); রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো (বা মাথিউস কুনহা)।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ