Views Bangladesh Logo

জিমেইল ঠিকানা বদলের সুযোগ দিল গুগল

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিজিটাল পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হলো ইমেইল ঠিকানা, আর যোগাযোগের জন্য অনেকেরই প্রথম পছন্দ জিমেইল। তবে এতদিন একবার অ্যাকাউন্ট খোলার পর জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ ছিল না। ফলে পুরোনো বা অপ্রাসঙ্গিক ইমেইল ঠিকানা বদলাতে নতুন অ্যাকাউন্ট খুলতে হতো।

এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন সুবিধা চালু করেছে গুগল। এখন ব্যবহারকারীরা কোনো তথ্য না হারিয়েই @gmail.com-এর আগের অংশ, অর্থাৎ ইউজারনেম পরিবর্তন করতে পারবেন।

গুগলের তথ্য অনুযায়ী, নতুন ঠিকানা নেওয়ার পর পুরোনো ইমেইল ঠিকানাটিও সক্রিয় থাকবে। অর্থাৎ পুরোনো বা নতুন—উভয় ঠিকানায় পাঠানো ইমেইল একই ইনবক্সে পৌঁছাবে। প্রয়োজনে পুরোনো ঠিকানা ব্যবহার করেও ইমেইল পাঠানো যাবে।

এতে বিভিন্ন সেবায় আলাদাভাবে ইমেইল ঠিকানা হালনাগাদ করার ঝামেলা কমবে। একই সঙ্গে অ্যাকাউন্টে থাকা পুরোনো ইমেইল, ছবি, ড্রাইভের ফাইলসহ অন্যান্য সব তথ্য অপরিবর্তিত থাকবে।

যেভাবে পরিবর্তন করবেন

ডেস্কটপ, অ্যান্ড্রয়েড ও আইওএস—সব ডিভাইসেই একই পদ্ধতিতে এটি করা যাবে।

গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন

Personal Info অপশনে যান

Change Google Account Email নির্বাচন করুন

পছন্দের নতুন ইউজারনেম লিখে সেটি খালি আছে কি না যাচাই করুন


গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তন করতে পারবেন। তবে একবার পরিবর্তনের পর আবার নতুন নাম নিতে ১২ মাস অপেক্ষা করতে হবে। পুরোনো ঠিকানায় ফিরে যাওয়ার সুযোগও থাকবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই সুবিধা ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। ফলে অনেকের অ্যাকাউন্টে এখনই অপশনটি নাও দেখা যেতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ