ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন
ভারতীয় ভিসা প্রদানের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে। এদিন দুপুর ১২টায় সাইনআপ প্রক্রিয়া চালু হয় এবং সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলার কথা জানানো হয়।
নতুন ব্যবস্থায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে এর জন্য আবেদনকারীকে বিকাল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আইভ্যাক এক নোটিশে জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে, যার লিংক অফিসিয়াল আইভ্যাক ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) এবং তার পরের সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।
আইভ্যাক আবেদনকারীদের সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য জারি করা নির্দেশনাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। সাইনআপ প্রক্রিয়া শেষ করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার জন্য বিকাল সাড়ে ৫টার আগে প্রয়োজনীয় ওয়েব ফাইল আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন সিস্টেম চালুর শুরুতেই জাল বা ভুয়া অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ থেকে বিরত থাকতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সাইনআপের সময় ভিসার ওয়েব ফাইলে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিয়ে সাইনআপ করতে হবে। এ ক্ষেত্রে একটি ওটিপি এসএমএসে এবং আরেকটি ইমেইলে পাঠানো হবে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইলে আসা ওটিপি সাবমিট করে ইমেইল ও মোবাইল নম্বর যাচাই করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইনের পর মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা দেখা যাবে। সেখানে প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যেগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে। ডকুমেন্ট আপলোডের পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখানো হবে, যা একবার পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে