রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক ও এক অফিস সহকারীকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। অব্যাহতি পাওয়া দুজন হলেন বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমন।
বিদ্যালয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জুয়েল তালুকদারের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এসব পোস্ট শেয়ার করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে অফিস সহকারী সুমনের বিরুদ্ধে। বিষয়টি জানার পর কয়েকজন ব্যক্তি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পোস্টগুলোর তথ্য-প্রমাণসহ অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে জুয়েল তালুকদারকে শ্রেণি কার্যক্রম থেকে এবং সুমনকে দাপ্তরিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়।
অভিযোগের বিষয়ে তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হাই। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেন, অভিযোগের পর শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে এবং অফিস সহকারীকে দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন