Views Bangladesh Logo

চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড: ছেলের মৃত্যুশোকে মারা গেলেন বাবাও

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁদপুরের হাইমচরে এমভি আল-বাখেরা জাহাজে সম্প্রতি সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিহত সাতজনের একজন মাগুরার সজীবুল ইসলাম। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তার বাবা দাউদ মোল্লা মারা গেছেন। এতে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা সজীবুলের পরিবারে নেমে এসেছে চরম শোকের ছায়া।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, “সজীবুলের বাবা দাউদ মোল্লার মৃত্যুর সংবাদ রাতেই আমরা জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ড শুধু তাদের জীবন কেড়ে নেয়নি, তাদের পরিবারগুলোকে চরম শোক ও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।”

এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরা ও নড়াইলের সীমান্তবর্তী এলাকা থেকে বহু মানুষ জাহাজে কাজ করেন। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নৌ পুলিশ জানায়, গত সোমবার চাঁদপুরের হাইমচরের ঈশানবালা খালের মুখে মেঘনা নদীর একটি ডুবোচরে নোঙর করা এমভি আল-বাখেরা জাহাজ থেকে ঘুমন্ত অবস্থায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। কারও গলা কাটা, কারও মাথায় গভীর আঘাত এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তারা জানান, জাহাজের কর্মীদের ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে এবং অপরাধীদের খুঁজে বের করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ