চাঁদপুরের সিভিল সার্জনকে সকালে বদলির নির্দেশ, বিকেলে ‘সাধারণ ক্ষমা’
চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে সকালে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই আদেশ প্রত্যাহার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালের অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হয়ে সকালে সিভিল সার্জনকে ‘স্ট্যান্ড রিলিজ’ করার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। পরে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলার পর তাঁকে ‘এবারের মতো সাধারণ ক্ষমা’ করে বদলির আদেশ প্রত্যাহার করা হয়।
রোববার সকালে আকস্মিক ঝটিকা সফরে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল পরিদর্শনের সময় তিনি চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিকভাবে চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন তিনি।
মন্ত্রী সেখান থেকে পরে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সিভিল সার্জন ডা. নুরে আলম দীনের সঙ্গে কথা বলেন। আলোচনা শেষে সকালে দেওয়া বদলির নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
সিভিল সার্জনকে উদ্দেশ করে মন্ত্রী ‘এবারের মতো সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না—এমন বার্তাই মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ও পরবর্তী সিদ্ধান্তে উঠে এসেছে।
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন