আইনজীবী আলিফ হত্যা মামলায় অভিযুক্ত চন্দন ও রিপন রিমান্ডে
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত চন্দন দাসকে ৭ দিনের রিমান্ড এবং রিপন দাসকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বিশেষ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুক্রবার এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা দুই আসামির প্রত্যেকের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেছিলেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।
এর আগে, চন্দন ও রিপনকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। সকাল থেকেই পুরো আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।
প্রধান অভিযুক্ত চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। আরেক অভিযুক্ত রিপন দাসকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুরের প্রতিবাদে এক সংঘর্ষ চলাকালে হত্যা করা হয়।
গত ২৬ নভেম্বর চট্টগ্রামের একটি আদালত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠান। এরপর তার সমর্থকরা পুলিশ ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে