আজ বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ পরিক্রমায় এবার ট্রফিটি আসছে বাংলাদেশে।আজ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর। ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই অবস্থান করবে।
দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ট্রফির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান থেকে। ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফিটির অবস্থান ছিল দেশটির বিভিন্ন অঞ্চলে।পাকিস্তান পর্ব শেষ করে ট্রফিটি আফগানিস্তানে যায় ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত সেখানে ছিল ট্রফিটি।
বাংলাদেশে ট্রফিটি প্রথম জনসমক্ষে দেখা যাবে আগামীকাল মঙ্গলবার। কক্সবাজারের সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর ঢাকায় নিয়ে আসা হবে।
ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি দেখা যাবে ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।
এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে