নোয়াখালীতে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিব ও হল সুপারকে অব্যাহতি
নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় চলতি বছরের পরিবর্তে গত বছরের (২০২৫ সালের) প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপারসহ বেশ কয়েকজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ মে) সকালে সোনাইমুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা গেছে, পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের হাতে ২০২৬ সালের নির্ধারিত প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। ওই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন মোট ১৫ জন হিন্দু শিক্ষার্থী।
অভিযোগ উঠেছে, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা প্রশ্নপত্রের অসঙ্গতি লক্ষ্য করে তাৎক্ষণিক দায়িত্বরত পরিদর্শকদের বিষয়টি জানায়। তবে সেই সময় কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিভাবকরা এই ঘটনার জন্য কেন্দ্র কর্তৃপক্ষের চরম অবহেলাকে দায়ী করেছেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ভুলের কারণে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুল প্রশ্নপত্র বিতরণের কথা স্বীকার করে অভিযুক্ত হল সুপার ও কেন্দ্র সচিব মাওলানা সফিউল্লাহ জানান, পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার জানান, চলতি বছরের পরীক্ষার্থীদের ভুলে গত বছরের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই কেন্দ্র সচিব, হল সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের জায়গায় নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বোর্ড যথাযথ পদক্ষেপ নেবে বলেও নিশ্চিত করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে