Views Bangladesh Logo

তারকাদের রহস্যমৃত্যু: প্রশ্নবিদ্ধ উত্তর, অমীমাংসিত সন্দেহ

আলোচিত ও প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যু কখনোই একজন সাধারণ মানুষের প্রয়াণের মতো সাদামাটাভাবে বিবেচিত হয় না। তারকাখ্যাতির কারণে তাদের জীবনাবসানের শেষ মুহূর্তগুলো ঘিরে জন্ম নেয় নানা প্রশ্ন, গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব।

কোনো কোনো ক্ষেত্রে বহু বছরের তদন্তেও পুরোপুরি সমাধান মেলে না, আবার কখনো প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে পরিবার বা জনমনে থাকা ধারণার মিল খুঁজে পাওয়া যায় না। সময়ের সঙ্গে নতুন তথ্য প্রকাশ পেলে এসব রহস্য বরং আরও জটিল আকার নেয়। ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ থেকে শুরু করে হলিউড কিংবদন্তি মেরিলিন মনরো পর্যন্ত এমন একাধিক তারকার মৃত্যু আজও রহস্যের চাদরে মোড়া রয়ে গেছে।

সালমান শাহ: তদন্ত এখনও চলমান

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে ইন্তেকাল করেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ, প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। রাজধানীর ইস্কাটনের বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। শুরু থেকেই পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে রাজি হয়নি, বরং হত্যার অভিযোগ তুলে আসছিল বারবার। দীর্ঘ সময় ধরে একাধিকবার তদন্ত হয়েছে ঘটনাটি ঘিরে। ১৯৯৭ সালে সিআইডি একে আত্মহত্যা বলে সিদ্ধান্তে পৌঁছায়, বিচার বিভাগীয় তদন্তেও হত্যার সপক্ষে জোরালো প্রমাণ মেলেনি। ২০২০ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রায় ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনে একই সিদ্ধান্তে আসে, যা আদালত ২০২১ সালে গ্রহণও করে।

তবে বিষয়টি সেখানেই থেমে থাকেনি। ২০২৫ সালের অক্টোবরে ঢাকার আদালত নতুন করে হত্যা মামলা রুজুর নির্দেশ দেয় এবং সিআইডিকে দেয় পুনঃতদন্তের দায়িত্ব। এরপর থেকে মামলাটি একের পর এক আলোচনায় এসেছে। সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা এই মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, নামঞ্জুর হয়েছে তার জামিন আবেদনও। তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ একাধিকবার পিছিয়ে এখন তা ধার্য হয়েছে আগামী ২৯ সেপ্টেম্বর; এ নিয়ে তদন্ত কর্মকর্তা নবমবারের মতো সময় পেলেন। অর্থাৎ সালমান শাহর মৃত্যু রহস্য এখনো আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়ে গেছে, চূড়ান্ত কোনো উপসংহারে পৌঁছায়নি।

মেরিলিন মনরো: হলিউডের আজও না-মেটা রহস্য

হলিউডের কিংবদন্তি তারকা মেরিলিন মনরোর জীবন থেমে যায় ১৯৬২ সালের ৫ আগস্ট, মাত্র ৩৬ বছর বয়সে, লস অ্যাঞ্জেলেসের নিজের বাড়িতে। তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সেদিন, আর পরবর্তী ময়নাতদন্তে তার শরীরে পাওয়া যায় অস্বাভাবিক মাত্রার ঘুমের ওষুধ, যাকেই মৃত্যুর মূল কারণ হিসেবে ধরা হয়। তদন্তকারী কর্নারের চূড়ান্ত রায়ে বলা হয়েছিল ‘সম্ভাব্য আত্মহত্যা’। তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট না মেলায় বিষয়টি ঘিরে জন্ম নেয় একের পর এক প্রশ্ন, আর ধীরে ধীরে দানা বাঁধে হত্যাকাণ্ডের নানা তত্ত্বও।

প্রায় দুই দশক পর, ১৯৮২ সালে লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রশাসনিক দপ্তর ঘটনাটি নিয়ে নতুন করে পর্যালোচনায় বসে। তবে সেই পুনঃপর্যালোচনাতেও হত্যাকাণ্ডের পক্ষে গ্রহণযোগ্য কোনো তথ্য-প্রমাণ উঠে আসেনি, ফলে পূর্বের সিদ্ধান্তই অপরিবর্তিত থেকে যায়। এভাবেই মেরিলিন মনরোর মৃত্যু নিয়ে নানা জল্পনা-কল্পনা প্রচলিত থাকলেও, সরকারি তদন্তের নথিতে তা আজও একটি অমীমাংসিত অধ্যায় হিসেবেই রয়ে গেছে।

জর্জ রিভস: পর্দার সুপারম্যানের রহস্যে মোড়া বিদায়

গত শতকের পঞ্চাশের দশকে টেলিভিশনের পর্দায় সুপারম্যান চরিত্রে খ্যাতি পাওয়া অভিনেতা জর্জ রিভসের জীবনাবসান ঘটে ১৯৫৯ সালের ১৬ জুন, নিজ বাড়ির শয়নকক্ষে গুলিবিদ্ধ অবস্থায়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। ঘটনাটিকে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে নথিভুক্ত করলেও ঘটনাস্থলে পাওয়া বেশ কিছু অসংগতি সময়ের সঙ্গে বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। যে অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল বলে ধারণা করা হয়, তাতে তার আঙুলের ছাপ পাওয়া যায়নি; পাশাপাশি দেহে গুলির চিহ্নের বাইরেও কিছু আঘাতের ক্ষত লক্ষ্য করা যায়। এ ছাড়া উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বিবরণেও মিল পাওয়া যায়নি, যা পুরো ঘটনাকে ঘিরে সন্দেহের জন্ম দেয়।

এই অসংগতিগুলোর জেরেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে হত্যাকাণ্ডের নানা তত্ত্ব। পরবর্তীতে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত পরিচালিত হলেও আত্মহত্যার প্রাথমিক সিদ্ধান্তকে উল্টে দেওয়ার মতো দৃঢ় কোনো প্রমাণ শেষ পর্যন্ত মেলেনি। ফলে সরকারি নথিপত্রে জর্জ রিভসের মৃত্যু আজও আত্মহত্যা হিসেবেই লিপিবদ্ধ, তবে সেই রাতের প্রকৃত ঘটনাপ্রবাহ নিয়ে জনমনে কৌতূহল ও বিতর্ক আজও এতটুকু কমেনি।

নাটালি উড: সাগরের বুকে হারিয়ে যাওয়া এক রাতের রহস্য

হলিউড অভিনেত্রী নাটালি উডের জীবনাবসান ঘটে ১৯৮১ সালের ২৯ নভেম্বর, ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা দ্বীপের অদূরে পানিতে ডুবে। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৪৩ বছর। ঘটনার পরপরই এটিকে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যু হিসেবে ধরে নেওয়া হয়েছিল। তবে কয়েক দশক নীরব থাকার পর বিষয়টি আবার সামনে চলে আসে ২০১১ সালে, যখন সেদিনের নৌকার ক্যাপ্টেন ডেনিস ডেভার্ন নতুন কিছু তথ্য প্রকাশ করেন; যার জেরে নতুন করে তদন্ত শুরু হয়।

এই পুনঃতদন্তের ধারাবাহিকতায় ২০১২ সালে মৃত্যুসনদে পরিবর্তন আনা হয়; মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় ‘ডুবে যাওয়া এবং অন্যান্য অনির্ধারিত কারণ’ অর্থাৎ তিনি ঠিক কীভাবে পানিতে পড়েছিলেন, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যায়নি। এরপর তদন্তকারীরা একাধিকবার বিভিন্ন সূত্র ও তথ্য খতিয়ে দেখলেও ঘটনার সম্পূর্ণ চিত্র আজও স্পষ্ট করা সম্ভব হয়নি। ফলে নাটালি উডের সেই শেষ রাতের ঘটনা এখনো হলিউডের অন্যতম অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে।

ব্রুস লি: তিন যুগ পেরিয়েও রহস্যে ঘেরা এক প্রয়াণ

মার্শাল আর্ট জগতের কিংবদন্তি তারকা ব্রুস লি মাত্র ৩২ বছর বয়সে ইন্তেকাল করেন ১৯৭৩ সালের ২০ জুলাই, হংকংয়ে। ময়নাতদন্তের প্রতিবেদনে তার মস্তিষ্কে সেরিব্রাল ইডিমা বা অস্বাভাবিক ফোলাভাবের প্রমাণ মেলে। এর কারণ হিসেবে তখনকার সরকারি ব্যাখ্যায় বলা হয়, ইকুয়াজেসিক নামের একটি ব্যথানাশক ওষুধের প্রতি তার শরীরের অতিসংবেদনশীলতাই এই জটিলতার নেপথ্যে থাকতে পারে।

তবে এই ব্যাখ্যার পরও ব্রুস লির অকালমৃত্যু নিয়ে গত তিন দশকেরও বেশি সময় ধরে নানা জল্পনা ও তত্ত্ব প্রচলিত রয়ে গেছে জনমনে। এমনকি সাম্প্রতিক এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা ভিন্ন একটি সম্ভাবনার কথাও তুলে ধরেছেন। তাদের মতে, শরীরে অতিরিক্ত পানি প্রবেশের ফলে সৃষ্ট হাইপোন্যাট্রেমিয়া থেকেও সেরিব্রাল ইডিমা দেখা দিতে পারে। তবে বিষয়টি এখনো একটি গবেষণাভিত্তিক অনুকল্প মাত্র, একে চূড়ান্ত বা সরকারি সিদ্ধান্ত হিসেবে গণ্য করার সুযোগ নেই।

শ্রীদেবী: বাথটাবের নিস্তব্ধতায় থেমে যাওয়া এক কিংবদন্তি

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর জীবনাবসান ঘটে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, মাত্র ৫৪ বছর বয়সে। দুবাইয়ের একটি হোটেল কক্ষের বাথটাবে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। মৃত্যুর সরকারি কারণ হিসেবে দুর্ঘটনাবশত পানিতে ডুবে যাওয়াকে উল্লেখ করা হলেও এই ব্যাখ্যা নিয়ে তখনই জনমনে জন্ম নেয় নানা সংশয়। এত অল্প পরিমাণ পানিতে কারও মৃত্যু আদৌ সম্ভব কি না; এই প্রশ্ন অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়নি।

এই সংশয়ের সূত্র ধরেই কারো কারো সন্দেহের তীর গিয়ে পড়ে তার স্বামী বনি কাপুরের দিকে, কারণ ঘটনার সময় হোটেল কক্ষে তিনি ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। পারিবারিক এক আনন্দ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এভাবে অকালে চলে যাওয়াকে অনেকেই আজও স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি, ফলে শ্রীদেবীর এই আকস্মিক মৃত্যু এখনো ভক্ত ও অনুরাগীদের কাছে একটি অমীমাংসিত প্রশ্ন হয়েই রয়ে গেছে।

দিব্যা ভারতী: মাত্র ১৯ বছরেই থেমে যাওয়া উজ্জ্বল এক তারা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যু হয় ১৯৯৩ সালের ৫ এপ্রিল, মাত্র ১৯ বছর বয়সে। মুম্বাইয়ে নিজের বসবাসের ভবনের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে গিয়ে তার প্রাণহানি ঘটে। প্রথমদিকে আত্মহত্যার সম্ভাবনার কথা বলা হলেও অধিকাংশ মানুষের ধারণা ছিল সম্পূর্ণ ভিন্ন—তাদের বিশ্বাস, তাকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, এবং এর পেছনে থাকতে পারেন তার ঈর্ষাপরায়ণ স্বামী। মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে অভিষেক ঘটিয়ে যে তুমুল জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন, তাতে হতাশাগ্রস্ত হয়ে তার আত্মহত্যা করার তত্ত্ব অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়নি।

মুম্বাই পুলিশ শেষ পর্যন্ত এই ঘটনার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হয়, ফলে ১৯৯৮ সালে মামলাটি বন্ধ করে দেওয়া হয়। যারা পুরো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখেন, তাদের সন্দেহের তীর মূলত তার স্বামী সাজিদ নাদিয়াওয়ালার দিকেই বারবার নির্দেশিত হয়েছে। তদন্তের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও দিব্যা ভারতীর অকালমৃত্যুর প্রকৃত রহস্য আজও পুরোপুরি অজানাই থেকে গেছে।

সুশান্ত সিং রাজপুত: বলিউডের হৃদয়বিদারক এক অধ্যায়

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগৎ ও কোটি ভক্তকে হতবাক করে দিয়েছিল। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করলেও পরিবার, ভক্ত ও জনমতের চাপে পরবর্তীতে তদন্তের দায়িত্ব নেয় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। পাশাপাশি অর্থ পাচার ও মাদক সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখতে যুক্ত হয় ইডি ও এনসিবিও। এই ঘটনা বলিউডের ভেতরকার স্বজনপ্রীতি, তারকাদের মানসিক স্বাস্থ্য এবং ইন্ডাস্ট্রির অন্তর্গত জটিল রাজনীতির মতো বিষয়গুলোকে সামনে এনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।

দীর্ঘ প্রায় সাড়ে চার বছরের তদন্ত শেষে সিবিআই ২০২৫ সালের মার্চে মুম্বাই আদালতে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করা হয়। প্রতিবেদনে বলা হয়, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল; এমন কোনো প্রমাণ তদন্তে মেলেনি, ফলে তার তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোও খারিজ হয়ে যায়। তদন্তে অন্য কোনো দিক উঠে না আসায় প্রশাসনিকভাবে বিষয়টি এখানেই একটি নিষ্পত্তিতে পৌঁছায়। তবে সিবিআইয়ের এই সিদ্ধান্তের পরও অনেক ভক্ত ও পর্যবেক্ষকের মনে থেকে যাওয়া প্রশ্ন এবং বলিউডের ভেতরকার জটিল বাস্তবতা নিয়ে বিতর্ক আজও পুরোপুরি থামেনি।

মাইকেল জ্যাকসন: পপ সম্রাটের মৃত্যুতে আজও রেশ রয়ে যাওয়া সংশয়

সংগীত জগতের কিংবদন্তি, পপ সম্রাট খ্যাত মাইকেল জ্যাকসনের মৃত্যুর সরকারি কারণ হিসেবে বলা হয়, তীব্র মাত্রার প্রোপোফল ও বেনজোডায়াজেপিন জাতীয় ওষুধের প্রভাব তার মৃত্যু ডেকে এনেছিল। তদন্তে উঠে আসে, এই ওষুধগুলো তাকে দিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ড. কনরাড মারে। তবে এই ব্যাখ্যার পরও তার মৃত্যুকে ঘিরে রহস্যের অবসান ঘটেনি। এখনো অনেকের দাবি, এটি কোনো সরল দুর্ঘটনা নয়, বরং সুপরিকল্পিত এক ষড়যন্ত্রের ফল।

চিকিৎসাশাস্ত্রের ব্যাখ্যা ও আদালতের রায়ের পরও মাইকেল জ্যাকসনের প্রকৃত মৃত্যু রহস্যের যৌক্তিক ও সন্তোষজনক কোনো সমাধান আজও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতেও তার ভক্ত ও অনুরাগীদের মনে এই প্রশ্ন ও কৌতূহল একইভাবে জিইয়ে থাকবে।

জিয়া খান: সাফল্যের চূড়ায় থেকেও নিঃশব্দে হারিয়ে যাওয়া এক অভিনেত্রী

এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী জিয়া খানের মৃত্যুও থেকে গেছে রহস্যে মোড়া। ২০১৩ সালের জুন মাসে মুম্বাইয়ের জুহুতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি। সে সময় তিনি ছিলেন অন্তঃসত্ত্বা, অথচ অবিবাহিত; যা এই মৃত্যুকে ঘিরে জন্ম দেয় নানা প্রশ্নের। জীবনের এমন এক মুহূর্তে, যা অনেকের কাছে সবচেয়ে আনন্দের সময় হতে পারত, ঠিক তখনই কেন তিনি চরম এই সিদ্ধান্ত নিলেন; এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সন্দেহের তীর ওঠে তার তৎকালীন প্রেমিক সুরাজ পাঞ্চোলির দিকে। জিয়ার মা রাবেয়া খাতুন দাবি করেছিলেন, তার মেয়ে পরিস্থিতির চাপে বাধ্য হয়েছিল নিজের জীবন শেষ করে দিতে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছিল।

আইনি লড়াই দীর্ঘদিন ধরে চলার পর ২০২৩ সালে সুরাজ পাঞ্চোলি এই মামলা থেকে খালাস পান। তবে জিয়ার মা রাবেয়া খাতুন বরাবরই দাবি করে আসছেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে; এই দাবিতে তিনি মুম্বাই উচ্চ আদালতে আপিলও করেন। ফলে আদালতের রায়ের পরও জিয়া খানের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সংশয় পুরোপুরি কাটেনি, এবং তার মৃত্যুরহস্য নিয়ে বিতর্ক আজও থেমে নেই।

মধুবালা: রুপালি পর্দার সৌন্দর্যের অন্তরালে এক নিঃসঙ্গ বিদায়

বলিউডের অন্যতম রূপসী ও কিংবদন্তি অভিনেত্রী মধুবালার অকালমৃত্যু চলচ্চিত্র জগতের ইতিহাসে এক গভীর ট্র্যাজেডি ও রহস্যের অধ্যায় হয়ে রয়ে গেছে। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ৩৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসাশাস্ত্রের ভাষায় তার মৃত্যুর কারণ ছিল জন্মগত হৃদরোগ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যা সেই সময়কার চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতার কারণে নিরাময় করা সম্ভব হয়নি। তবে শুধু শারীরিক এই জটিলতাই তার মৃত্যুর একমাত্র কারণ নয় বলে মনে করেন অনেকে—তাদের বিশ্বাস, জীবনের শেষ কয়েক বছরের তীব্র একাকীত্ব, মানসিক দুর্দশা ও বিষণ্ণতাও তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল।

অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে তার ব্যর্থ প্রেমকাহিনি এবং পরবর্তীতে কিশোর কুমারের সঙ্গে সংসারজীবনের জটিলতা মধুবালাকে মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত করে তুলেছিল বলে জানা যায়। জীবনের শেষ নয়টি বছর তিনি প্রায় পুরোপুরি শয্যাশায়ী অবস্থায় কাটান, ধীরে ধীরে দূরে সরে যান চলচ্চিত্র জগৎ ও কাছের মানুষদের কাছ থেকেও। গ্ল্যামার দুনিয়াকে একসময় উজ্জ্বল করে রাখা এই অভিনেত্রীর এমন নিঃসঙ্গ, অবহেলিত ও বেদনাবিধুর প্রস্থান আজও ভক্তদের মনে নানা প্রশ্ন জাগিয়ে তোলে, যা তাকে বলিউডের এক চিরন্তন ‘ট্র্যাজিক বিউটি’ হিসেবেই বাঁচিয়ে রেখেছে সবার স্মৃতিতে।

এসব ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, কোনো মৃত্যু ঘিরে রহস্য বা প্রশ্ন থাকা মানেই তাতে হত্যার প্রমাণ আছে; এমন নয়। বরং সময়ের সঙ্গে নতুন তথ্য সামনে এলে পুরোনো সিদ্ধান্তও নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে, যেমনটি ঘটছে সালমান শাহর ক্ষেত্রে। তাই তারকাদের মৃত্যু ঘিরে প্রচলিত গল্প, গুজব ও কল্পিত তত্ত্বের সঙ্গে প্রকৃত তদন্তে প্রমাণিত তথ্যকে আলাদা করে বিচার করাই সবচেয়ে জরুরি। শেষ পর্যন্ত সত্য উদ্‌ঘাটনের একমাত্র পথ নির্ভরযোগ্য প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ ও সুষ্ঠু তদন্তই।

তথ্যসূত্র: দ্য টাইমস, বিবিসি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, আনন্দবাজার, এনডিটিভি 

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ