Views Bangladesh Logo

অনাস্থা কাটাতে ভোটের চিত্র তুলে ধরার আহ্বান সিইসির

 VB  Desk

ভিবি ডেস্ক

ভোটের প্রতি সাধারণ মানুষের অনাস্থা কাটিয়ে তুলতে গণমাধ্যমকর্মীদের ভোটের দৃশ্যমানতা এবং স্বচ্ছ্বতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, ‘আমি এইমাত্র আমার ভোট প্রদান করেছি। আজ ভোট গ্রহণ শুরু হয়েছে, ভালো লাগছে। প্রতি পাঁচ বছর পরপর এই ভোটটি অনুষ্ঠিত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায়, সহযোগিতায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। আমি আপনাদের অনুরোধ করব, ভোটের দৃশ্যমানতা এবং স্বচ্ছ্বতা যেন তুলে ধরা হয়। কারণ ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনো অনাস্থা থাকে, সেটা যেন কেটে যায়।’

এ সময় ভোটার উপস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটার উপস্থিতি কম কি বেশি, সে বিষয়ে আমি কিছু জানি না। আমি এসে শুধু আমার ভোটটা এখন দিয়ে গেলাম। যদি কোনও সমস্যা থাকে, সেটা দেখব।’

এ ছাড়াও ভোটে সহিংসতার বিষয়ে সিইসি বলেন, ‘আমি এগুলো নিয়ে একদমই চিন্তা-ভাবনা করছি না। আমার কাজটা ভোটের আয়োজন করা। সহিংসতার বিষয়টি দেখার বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ