ভোটকেন্দ্রকে কারচুপি, পেশিশক্তিমুক্ত রাখতে মাঠ প্রশাসনকে সিইসির নির্দেশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভিতরে সকল প্রকারের অনিয়ম, কারচুপি, দখলদারত্ব ও পেশিশক্তির প্রয়োগ প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ‘আমরা আমাদের তরফ থেকে বলেছি যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয়, পরিবেশ যাতে অনুকূল থাকে, সাধারণ ভোটার উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই বার্তাটা কঠোরভাবে দেওয়া হয়েছে।’
শুক্রবার (২২ ডিসেম্বর) যশোরে খুলনা বিভাগীয় বৈঠকের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি আরও বলেন, আমরা কেউ ভোটকেন্দ্রের ভেতর থাকবো না। ভেতরে থাকবে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা। ভোটকেন্দ্রের ভেতরে যাতে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারি, কোন রকমের পেশিশক্তির প্রয়োগ না হয়, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে