রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন সিইসি
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারায় দেওয়া ক্ষমতাবলে সংসদের স্পিকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সিইসি এ বৈঠক ডেকেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বাক্সের সামনে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
মতামত দিন