Views Bangladesh Logo

এবার এসএসসি পরীক্ষার কক্ষেও বসবে সিসিটিভি

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে এবার পরীক্ষা কক্ষেও সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শনিবার (২৮ মার্চ) কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

১১ দফা নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যেসব কেন্দ্রে ক্যামেরা অচল রয়েছে, সেগুলো পরীক্ষা শুরুর আগে সচল করতে হবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।

প্রতিটি কক্ষে দেয়ালঘড়ি টাঙানোর নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্র সচিব ছাড়া কোনো শিক্ষক বা পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নকল ও অসদুপায় রোধে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা রাখতে হবে এবং নারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দিয়ে তল্লাশি নিশ্চিত করতে হবে।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা টাঙানো, কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সবশেষে নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ