ছাত্রীদের কমনরুমে সিসিটিভি, গোপনীয়তা নিয়ে ক্ষোভ-উদ্বেগ
রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের কমনরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্রাম ও ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত এ কক্ষে ক্যামেরা থাকায় গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, কমনরুমে তারা ক্লাসের ফাঁকে বিশ্রাম নেন এবং ব্যক্তিগত প্রয়োজনেও সেখানে যান। কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকায় তারা সব সময় অস্বস্তিতে ভোগেন। তাদের দাবি, নিরাপত্তার জন্য বিদ্যালয়ের প্রবেশপথ, করিডর বা প্রাঙ্গণে ক্যামেরা থাকতে পারে, তবে কমনরুমে নয়।
দশম শ্রেণির শিক্ষার্থী আশা মনি বলেন, কমনরুমে ব্যক্তিগত প্রয়োজনেও যেতে হয়। সেখানে ক্যামেরা থাকায় সব সময় অস্বস্তি লাগে।
নবম শ্রেণির শিক্ষার্থী মিম মনি জানান, কমনরুমে গেলেই মনে হয় কেউ তাদের পর্যবেক্ষণ করছে, যা মানসিক চাপ তৈরি করছে।
এ ঘটনায় অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হলেও মেয়েদের কমনরুমে সিসিটিভি স্থাপন ব্যক্তিগত গোপনীয়তার সঙ্গে সাংঘর্ষিক।
তবে অভিযোগ অস্বীকার না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহুল রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার জন্য ক্যামেরাটি স্থাপন করা হয়েছিল। কয়েক দিন ধরে সেটি খুলে ফেলার জন্য ইলেকট্রিশিয়ান ডাকা হলেও এখনও তা সম্ভব হয়নি।
এদিকে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, বিষয়টি আগে তার জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন উল্লেখ করে তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন