নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশপাশে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক গভীর রাতে ক্যামেরাগুলোর আশপাশে ঘোরাঘুরি করছে। একপর্যায়ে তারা ক্যামেরা ভেঙে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, পুরো কেন্দ্রসংলগ্ন এলাকায় স্থাপিত অন্তত পাঁচটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি খোঁজ নিয়ে দেখছেন এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট স্থানে নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে