১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কিনবে সরকার
সরকারি মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য মোট ১৮০ কোটি ৭২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ১০ হাজার টন চিনি কিনতে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা এবং সমপরিমাণ মসুর ডাল কিনতে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয় হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পণ্য দুটি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে ভ্যাট ও করসহ প্রতি কেজির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা। উন্মুক্ত দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের নাম সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ফ্রেশ ব্র্যান্ডের চিনি সরবরাহ করবে।
অন্যদিকে, ৫০ কেজির বস্তায় আরও ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৬ টাকা ৭৭ পয়সা। সব মিলিয়ে এ খাতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। দরপত্রে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যালয় রাজধানীর কারওয়ান বাজারে টি কে ভবনে।
চিনি ও মসুর ডাল কেনার উভয় প্রস্তাবই সরকারি ই-জিপি ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহের জন্য করা হয়েছে। প্রস্তাব দুটি বাস্তবায়িত হলে দেশীয় দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২০ হাজার টন খাদ্যপণ্য সংগ্রহ করবে সরকার।
সব মিলিয়ে এই দুই পণ্য কেনায় সরকারি কোষাগার থেকে ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।
মতামত দিন