Views Bangladesh Logo

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

কানাডা ও সৌদি আরব থেকে এমওপি ও ইউরিয়া সার আমদানি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ইউরিয়া কেনার তিনটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রস্তাবের আওতায় মোট ১ লাখ ১০ হাজার টন সার কিনতে সরকারের ব্যয় হবে ৫৪৩ কোটি ৪ লাখ টাকার বেশি।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় সার কেনার প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় মোট চারটি ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ পায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। নবম লটে এই সার কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার। এ ক্ষেত্রে সরবরাহের পরিমাণে ১০ শতাংশ কম-বেশি হওয়ার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে। ১১তম লটে এ সার কিনতে সরকারের ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টন ইউরিয়া সারের দাম পড়বে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার। এ ক্ষেত্রেও সরবরাহের পরিমাণে ১০ শতাংশ কম-বেশি হতে পারে।

অন্যদিকে, একই অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে। ষষ্ঠ লটে এই সার সংগ্রহে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টনের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।

তিনটি প্রস্তাবের মাধ্যমে মোট ১ লাখ ১০ হাজার টন সার সংগ্রহে সরকারের ব্যয় হবে ৫৪৩ কোটি ৪ লাখ ৬ হাজার ৬৩৮ টাকা ৫০ পয়সা। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এবং সারের চাহিদা পূরণে এসব আমদানি ও ক্রয় প্রস্তাব নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ