Views Bangladesh Logo

শিল্পে গ্যাস-বিদ্যুৎ সংকট, ঋণের কিস্তি স্থগিতের দাবি চট্টগ্রাম চেম্বারের

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় শিল্পোদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। এর মধ্যে রয়েছে তিন মাসের জন্য ব্যাংকঋণের কিস্তি স্থগিত এবং সুদ মওকুফের দাবি। একই সঙ্গে জরিমানা ছাড়াই বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে ৯০ দিন সময় দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পৃথক দুটি চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম চেম্বার। চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক চিঠি দুটি পাঠান।

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে দীর্ঘস্থায়ী সমস্যার কারণে তৈরি পোশাক, বস্ত্র, প্লাস্টিকসহ ছোট, মাঝারি ও বড় শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কোনো কোনো প্রতিষ্ঠান বাধ্য হয়ে অনানুষ্ঠানিকভাবে শ্রমিক ছাঁটাই বা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছে।

চেম্বার বলছে, উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিক্রি ও রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। ফলে উৎপাদন ব্যয় মেটানোর পাশাপাশি কর্মীদের বেতন-ভাতা, ব্যাংকঋণের সুদ, গ্যাস-বিদ্যুৎ বিল ও দৈনন্দিন খরচ পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।

চিঠিতে বলা হয়, উৎপাদন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী কয়েক মাস শিল্পোদ্যোক্তাদের এই ক্ষতির চাপ বহন করতে হবে। এমন পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে শিল্প খাতের সংকট আরও তীব্র হবে।

এ কারণে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর কাছে চট্টগ্রাম চেম্বারের দুটি দাবি রয়েছে। সাময়িক বকেয়ার কারণে কোনো কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা এবং আগামী ছয় মাসের জন্য মাসিক বিল পরিশোধের বর্তমান নিয়ম শিথিল করে জরিমানা ছাড়া ৯০ দিনের মধ্যে বিল পরিশোধের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ব্যাংকঋণের সুদ মওকুফ ও কিস্তি স্থগিতের দাবি জানানো হয়েছে। চট্টগ্রাম চেম্বার বলেছে, বর্তমান সংকটের মধ্যে উদ্যোক্তাদের ওপর ঋণের উচ্চ সুদের বোঝা চাপানো হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে শিল্পায়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিয়ে নেতিবাচক বার্তা যেতে পারে।

এই পরিস্থিতিতে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাসহ সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি পুষিয়ে নিতে অন্তত তিন মাস ব্যাংকঋণের কিস্তি স্থগিত এবং ওই সময়ের সুদ মওকুফের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ