Views Bangladesh Logo

ইমরান হাশমির নতুন সিনেমা থেকে বাদ ৪ মিনিটের দৃশ্য

ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপন ২’ ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছে। তবে মুক্তির আগে সিনেমাটিতে মোট ৯টি সংশোধনী আনতে হয়েছে। এর মধ্যে প্রায় ৪ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছে এবং ২০ সেকেন্ডের একটি দৃশ্য প্রতিস্থাপন করা হয়েছে। এসব পরিবর্তনের পর ছবিটিকে ইউএ১৬+ সার্টিফিকেট দেওয়া হয়েছে, অর্থাৎ অভিভাবকের নির্দেশনায় ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকদের জন্য উপযোগী।

৫ আগস্ট ২০২৬ তারিখের সেন্সর সনদ অনুযায়ী, সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য ১৪০ মিনিট ২০ সেকেন্ড। এটি ইংরেজি সাবটাইটেলসহ হিন্দি ভাষায় মুক্তি পাবে।

সেন্সর বোর্ড নির্মাতাদের মাদক ব্যবহার ও শিশু পাচারবিষয়ক সতর্কবার্তা যোগ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ছবির হিন্দি শিরোনাম, বিভিন্ন স্থানে মাদকবিরোধী বার্তা এবং একটি স্থায়ী ধূমপানবিরোধী সতর্কবার্তাও যুক্ত করা হয়েছে।

এ ছাড়া অডিও ও সাবটাইটেলে থাকা অশ্লীল শব্দ পরিবর্তন, সহিংসতার কয়েকটি দৃশ্য সংক্ষিপ্ত করা এবং একটি দৃশ্যে সহিংসতার মাত্রা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদক গ্রহণের একটি দৃশ্যও সম্পাদনা করা হয়েছে। শেষের ক্রেডিট অংশও সিনেমার সংগীতের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা হয়েছে।

সব সংশোধন শেষে ‘আওয়ারাপন ২’ আগামী ১৪ আগস্ট ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ