Views Bangladesh Logo

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা বিশেষ সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এই সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বায়ুচাপের তারতম্যের কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আরও অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি কিংবা অতিভারি বর্ষণ হতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সময়ে দেশের সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া সিলেটে ১২৭ মিলিমিটার, রাঙামাটি ও কুমিল্লায় ৩৭ মিলিমিটার এবং নেত্রকোণায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় এ সময়ে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ