খুলনায় রান্নার সময় 'মাংসের রং সবুজ' হওয়ার কারণ জানা গেল
খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংসের রং লাল থেকে উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার ঘটনায় সৃষ্ট চাঞ্চল্যের কারণ জানা গেছে ল্যাব রিপোর্টে। গত ২২ জুলাইয়ের এ ঘটনায় মাংসের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দেয় নানা প্রশ্ন ও আতঙ্ক। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ল্যাবরেটরিতে।
বিএফএসএ-এর খাদ্য বিশ্লেষণ শাখার প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় নমুনায় কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পিগমেন্ট উৎপাদনকারী 'Pseudomonas' ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। নমুনায় পচনশীল দুর্গন্ধ বা আঠালো ভাবও ছিল না। অর্থাৎ রং পরিবর্তনের সঙ্গে ব্যাকটেরিয়াজনিত পচনের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
স্পেক্ট্রোফোটোমেট্রিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, মাংসটি দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষিত ছিল। পরে রান্নার সময় উচ্চ তাপের সংস্পর্শে আসায় মাংসের মায়োগ্লোবিন বা হিম-রঞ্জক পদার্থের রাসায়নিক রূপান্তর বা গাঠনিক পরিবর্তন ঘটে থাকতে পারে, যা থেকেই মাংস সবুজ রং ধারণ করে থাকতে পারে। তবে প্রতিবেদনে কারণটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি। দীর্ঘ সংরক্ষণ ও উচ্চ তাপে রান্নাকে সম্ভাব্য কারণ হিসেবেই উল্লেখ করা হয়েছে।
জনমনে সৃষ্ট আতঙ্ক দূর করতে এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করতে পরীক্ষার প্রতিবেদনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএফএসএ।
মতামত দিন