মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
এ সময় হেফাজত আমির চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন ঘোষণা করেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচনকে তিনি কেবল একটি ভোটের লড়াই হিসেবে দেখছেন না; বরং এটিকে জামায়াতের বিরুদ্ধে একটি ‘জিহাদ’ হিসেবে বিবেচনা করছেন।
মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি। আমাদের কাছে এটা নির্বাচন নয়, এটা বাতিল শক্তির বিরুদ্ধে জিহাদ। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে হেফাজতে ইসলামের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তার দাবি, জামায়াত দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না এবং তাদের রাজনৈতিক উত্থান রুখতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর ছাড়াও বিভিন্ন মাদরাসার শীর্ষ আলেম-ওলামা ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে