বগুড়ায় দুই শিশু ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
বয়স ৩০ হলেও দেখতে শিশুরমত। বাচ্চাদের মত আচরণ তার। বাড়েনি শারীরিক উচ্চতাও। সেই নারীও হয়েছেন ধর্ষণের শিকার। ঘটনাটি বগুড়ার শাজাহানপুর উপজেলার। এর দু’দিন পরই জেলার আরেক উপজেলা কাহালুতে ধর্ষণের শিকার হয়েছে আরও দুই শিশু।
গত ১৩ মার্চ কাহালুতে নুর ইসলাম (৫০) নামে একজনের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে। নুর ইসলাম পাইকড় ইউনিয়নের আদর্শ (গুচ্ছ) গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হায়দার আলী বলেন, নুর ইসলাম পেশায় রিকশাচালক। গত ১৪ মার্চ রাতে বিষয়টি নিয়ে ভুক্তভোগী দুই পরিবারের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। ওই সময় দুই শিশু বলে তারা ধর্ষণের শিকার হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পাঠান তিনি। কিন্তু এর আগেই পালিয়ে যান নুর ইসলাম।
তিনি আরও জানান, ধর্ষণের শিকার হওয়া দুই শিশুই সমবয়সী। তারা ছয় বছর বয়সী হবে।
এদিকে, শনিবার (১৫ মার্চ) সকাল পর্যন্ত অভিযুক্ত নুর ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ধর্ষণের শিকার হওয়ার পর দুই শিশু অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এরই এক পর্যায়ে নুর ইসলাম আত্মগোপনে চলে যান।
কাহালু থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীদের চিকিৎসা ও মেডিকেল রিপোর্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলকলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান চলছে।
এর আগে গত ১০ মার্চ শাজাহানপুরে ধর্ষণের শিকার হন প্রায় আড়াই ফুট উচ্চতার শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারী। এ ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসান বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের পাটিতাপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারীর আপন খালু তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে