Views Bangladesh Logo

ব্রাজিল জাতীয় দল থেকে বিদায় নিলেন কাসেমিরো ও দানিলো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের হতাশাজনক বিদায়ের পর ব্রাজিল জাতীয় দলে শুরু হয়েছে নতুন যুগের প্রস্তুতি। নেইমারের অবসরের পর এবার অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ও ডিফেন্ডার দানিলোও জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো-কে দেওয়া সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচ বলেন, সাম্প্রতিক বিশ্বকাপের মধ্য দিয়ে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে।

আনচেলত্তি বলেন, “আমার মনে হয়, এই বিশ্বকাপ ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটিয়েছে। নেইমারের পাশাপাশি দানিলো ও কাসেমিরো—যারা বিশ্বকাপের সময় ৩০ বছরের বেশি বয়সী ছিল—তাদের অধ্যায়ও এখানেই শেষ।”

বর্তমানে ৩৪ বছর বয়সী কাসেমিরো শিগগিরই লিওনেল মেসির সতীর্থ হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী দানিলো খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে। সর্বশেষ বিশ্বকাপে দুজনই ব্রাজিলের হয়ে পাঁচটি ম্যাচে মাঠে নেমেছিলেন। জাতীয় দলের হয়ে কাসেমিরো খেলেছেন ৯১টি এবং দানিলো ৭৫টি ম্যাচ।

এর আগে নেইমারও জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দেন। কোপা সুদামেরিকানায় সান্তোসের জয়ের পর তিনি জানান, ব্রাজিলের জার্সিতে তাঁর পথচলা শেষ হয়েছে।

আনচেলত্তি জানিয়েছেন, এখন থেকে তরুণ ফুটবলারদের নিয়ে নতুন দল গঠনের দিকে মনোযোগ দেবে ব্রাজিল। তবে অভিজ্ঞ সব খেলোয়াড়কে একসঙ্গে বাদ দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

ব্রাজিল কোচ বলেন, ২০২৮ সালের কোপা আমেরিকাকে সামনে রেখে নতুন খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। তবে মারকিনিওসের মতো গুরুত্বপূর্ণ অভিজ্ঞ খেলোয়াড়দের পরিকল্পনার অংশ হিসেবে রাখা হবে।

নতুন গড়া ব্রাজিল দলের প্রথম পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের প্রীতি ম্যাচে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ