সদরঘাটে তিন লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা
রাজধানীর সদরঘাট টার্মিনালে তিন লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে।
শুক্রবার (১২ এপ্রিল) বাদী হয়ে মামলাটি করেন বিআইডব্লিউটিএ‘র যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন। এর আগে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে ওই পাঁচজনকে আটক করে নৌ পুলিশ।
এ ব্যাপারে নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার এসআই নকিব জানান, লঞ্চ ফারহানের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফের দুই চালককে আসামি করে শুক্রবার সকালে মামলা করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পন্টুনে রশি দিয়ে বাঁধা ছিল এমভি তাশরিফ ৪ ও এমভি পূবালী ১ লঞ্চ দুটি। এ দুই লঞ্চের মাঝ দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকতে গেলে এমভি তাশরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। সেই সময় লঞ্চে উঠতে গিয়ে গুরুতর আহত হয় পাঁচজন। পরে তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে