Views Bangladesh Logo

অপ্রতিম হত্যার ঘটনায় মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন।

শনিবার দিবাগত রাতে সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

পংকজ বড়ুয়া জানান, অপ্রতিম হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানাতে রোববার দুপুর ২টার পর জেলা পুলিশ সংবাদ সম্মেলন করবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তুহিন (১৯) নামে একজনকে আটক করে পুলিশ। পরে আনাস নামে আরও একজনকে আটক করা হয়। আইফোন নেওয়ার বিষয়টি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সব প্রক্রিয়া শেষে অপ্রতিমের মরদেহ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ