Views Bangladesh Logo

পীর শামীমের কবর খুঁড়ে মরদেহ সরানোর ঘটনায় মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে প্রয়াত পীর আবদুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরের কবর খুঁড়ে মরদেহের অবশিষ্টাংশ সরিয়ে তার প্রতিষ্ঠিত মাজারে পুনরায় দাফনের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে দৌলতপুর থানায় মামলাটি করেন মৃতের ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফিলিপনগর এলাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কবরস্থানে পীর শামীম জাহাঙ্গীরের কবর খুঁড়ে তার মরদেহের অবশিষ্টাংশ বের করে নেওয়া হয়। পরে সেগুলো তার প্রতিষ্ঠিত মাজার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফন করা হয় বলে অভিযোগ ওঠে।

শনিবার সকালে বিষয়টি জানতে পারে পীরের পরিবার। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে প্রশাসনের নির্দেশে মাজার প্রাঙ্গণে নতুন করে দাফন করা অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় শনিবার বিকেল ৪টার দিকে সেগুলো ফিলিপনগর কবরস্থানের আগের কবরেই পুনরায় দাফন করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, কবর থেকে মরদেহের অবশিষ্টাংশ সরিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। পরে সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশনা এবং স্থানীয়দের সহযোগিতায় মাজার প্রাঙ্গণ থেকে সেগুলো উদ্ধার করে কবরস্থানে পুনরায় দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, কবর খুঁড়ে অবশিষ্টাংশ সরানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। মৃতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ জানিয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কবরটি সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ