পদ্মায় বাস ডুবে যাওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় বাসটির চালক, সুপারভাইজার ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চালক জনি আলী (৪৮), সুপারভাইজার আজমল হোসেন (৩৮) এবং সহকারী শাকিব হোসেন (২২)।
শনিবার (৬ জুন) দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এর আগে শুক্রবার রাতে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আবুজার গিফারি গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, মেহেরপুরের গাংনী থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে পৌঁছায়। ফেরিতে ওঠার আগে নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিসি কর্মকর্তারা যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী প্রায় ৩৭ থেকে ৪০ জন যাত্রী নেমে যান।
অভিযোগে বলা হয়েছে, এরপর চালক বাসটি চালু করে বেপরোয়া ও অবহেলাপূর্ণভাবে চালাতে শুরু করেন। নির্ধারিত ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরিতে না উঠে তিনি দ্রুতগতিতে ‘করবী অক্সফাম’ নামের অন্য একটি ফেরিতে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় বাসটি ফেরির পেছনের র্যাম্পে সজোরে আঘাত করলে র্যাম্পের চেইন ও লক ভেঙে যায় এবং বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
মামলায় উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় ফেরির অবকাঠামো এবং যাত্রীদের মালামালের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া থানার তদন্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত বাস অপারেটরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে গেলে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে