Views Bangladesh Logo

ছাত্রীর স্বামীকে পাশে বসানো নিয়ে দ্বন্দ্ব, ঢাবির বাসে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিজস্ব পরিবহনের একটি বাসে এক ছাত্রী তার স্বামীকে পাশে বসানোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঢাবির ‘আনন্দ’ বাসে নারায়ণগঞ্জে আসার পথে ফতুল্লার ভুইগড় এলাকার দীপ্তি হোসাইন ও তার স্বামী মিকাত পাশাপাশি বসেন। বাসের নিয়ম অনুযায়ী ছেলে ও মেয়েদের নির্ধারিত আসনে বসার অনুরোধ করেন ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী যারারাফ রহমান রাশহা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে দীপ্তি ও তার স্বামী ফোন করে ভুইগড় বাসস্ট্যান্ডে স্থানীয় লোকজনকে ডাকেন। রাত সাড়ে ৮টার দিকে প্রায় ৩০ জন বাসটি আটকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে রাশহা, তার বন্ধু আহাম্মাদ রাইহান, সহপাঠী মসিহ মোস্তাকসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বাসের পেছনের দুই পাশের একাধিক গ্লাস ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (৭ আগস্ট) ফতুল্লা মডেল থানায় যারারাফ রহমান রাশহার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ