জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
বরিশালে মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ে অ্যাডভোকেট নাদিমা মোহাম্মদী খানের (৩৯) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাতে নগরীর সদর রোডে জেড আই খান পান্নার পারিবারিক বাড়িতে এ ঘটনা ঘটে।
নাদিমা মোহাম্মদী খানের অভিযোগ, শনিবার তিনি তার এক চাচাতো বোনকে নিয়ে পারিবারিক বাড়িতে গেলে সেখানে কয়েকজন যুবক বাড়ির ভেতরে আবর্জনা ফেলছিল এবং মাদকসেবন ও মাদক কারবার করছিল। এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। হামলার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
তিনি আরও অভিযোগ করেন, তার চাচা নজরুল ইসলাম খানের উসকানিতে এ হামলা হয়েছে। তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং বাড়িতে আসা ঠেকাতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
আহত নাদিমা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে রোববার সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় তার চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন রেজাউল ইসলাম সাব্বির ও জাহিদুল ইসলাম রাজু।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নাদিমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, এ ঘটনায় চাঁদনী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. হান্নান বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালাচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মতামত দিন