Views Bangladesh Logo

এআই দিয়ে বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে সিলেটে নারী কনটেন্ট ক্রিয়েটরের মামলা

এআই প্রযুক্তির ব্যবহার করে বিকৃত ও ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে মামলা করেছেন রাফিয়া আক্তার বৃষ্টি নামের একজন নারী কনটেন্ট ক্রিয়েটর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটে সাইবার ট্রাইবু্যনালে রাফিয়া আক্তার বৃষ্টি মামলার আবেদন করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সিলেটি ভাষায়’ কনটেন্ট তৈরি করেন।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনারকে (ডিবি) আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এতথ্য নিশ্চিত করে বাদির আইনজীবী অ্যাডভোকেট মো. জাবের হুসাইন বলন, সাইবার সুরক্ষা আইনের, ২০২৬ এর ২২, ২৫ এবং ২৭ ধারায় মামলা করা হয়েছে।

তিনি বলেন, একটি গোষ্ঠি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মক্কেলের ছবি এআই প্রযুক্তি দিয়ে সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

কনটেন্ট ক্রিয়েটর রাফিয়া আক্তার বৃষ্টি অভিযোগ করে বলেন, মাত্র আঠারো দিনের ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি বিকৃত করে একের পর এক পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। এর কয়েকটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে ছবি।

তিনি বলেন, আমি কেবল নারী নই, আমি একজন মা। আমার বাচ্চা যদি বড় হয়ে এসব বিকৃত ছবি দেখে তাহলে কি মনে করবে। আমার বাবা হার্টের রোগী, বৃদ্ধ মানুষ। তিনি তো আর বুঝবেন না এগুলো এআইয়ের মাধ্যমে ছাড়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, ধারাবাহিক এসব অপপ্রচারের কারণে তিনি এবং তার পরিবার সামাজিক, মানসিক, আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে তার ছবি ব্যবহার করে একাধিক পোস্ট প্রকাশ করা হয়। সেখানে তার বিরুদ্ধে রোগে আক্রান্ত হওয়া, প্রতারণা, হানিট্র্যাপ, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং অল্প সময়ে অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার মতো অভিযোগ ছড়ানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ