Views Bangladesh Logo

সিলেটে সেই বাস দুর্ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় দুই বাসের চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৯ আগস্ট) শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে ওসমানীনগর থানায় মামলাটি করা হয়। মামলায় সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) এবং ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার বাসের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) চালককে আসামি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত সাদমান জাহাঙ্গীর সৌরভের বড় ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। নিহত সাদমান কুমিল্লার বাঙ্গুরা বাজার থানার পীর কাশিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

মর্মান্তিক দুর্ঘটনার পর শনিবার সংশ্লিষ্ট দুই বাসের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে দুই বাসের মালিক ও চালককে নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ এ নির্দেশ দেন।

এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

গত শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষে মোট ৯ জন নিহত হন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত আরও ২৪ জনের মধ্যে ১৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ