এমপিকে নিয়ে ‘মানহানিকর ও বিদ্বেষমূলক’ বক্তব্য, মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। এর আগে গত ২০ জুন সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন জালাল আহমেদ খোকন তালুকদার।
মামলায় মুফতি ফয়জুল করীম ছাড়াও কুমিল্লা সদর দক্ষিণ এলাকার বাসিন্দা কাদের মিয়াজী এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। একটি ভিডিওতে তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, এসব বক্তব্য ও প্রচারণার মাধ্যমে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
তবে মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার নিজেকে মহানগর যুবদলের ২৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দাবি করলেও কুমিল্লা মহানগর যুবদল জানিয়েছে, তিনি সংগঠনের কোনো পর্যায়ের সদস্য নন।
মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন তালুকদার আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে যুবদলের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
বাদী খোকন তালুকদার অবশ্য দাবি করেছেন, তিনি যুবদলের কর্মী এবং বিএনপির সংসদ সদস্যের সম্মান রক্ষার স্বার্থেই মামলাটি করেছেন।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন