জামায়াত এমপির ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা
চট্টগ্রামে এক প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরমান চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ)।
রোববার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে লোহাগাড়ার আমিরাবাদ এলাকার বাসিন্দা আমির হোসেন মামলাটি করেন। সোমবার বিষয়টি জানা যায়।
বাদীর আইনজীবী কবির জিলান জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং অভিযোগ তদন্তের জন্য সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে (এএসপি) নির্দেশ দিয়েছেন।
মামলায় আরমান উদ্দিনের সহযোগী মো. আরিফ উদ্দিন, শওকত আলী, মো. আদিল, মো. আনোয়ার ও জয়নাল আবেদিনকেও আসামি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, আমির হোসেন লোহাগাড়ার আজিজ কমপ্লেক্স এলাকায় নিচতলায় দোকানসহ একটি চারতলা ভবন নির্মাণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছেন। অভিযোগে বলা হয়, কয়েক দিন ধরে আরমান উদ্দিনের নেতৃত্বে আরিফ উদ্দিনসহ অন্যরা তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, গত ৩ এপ্রিল রাত ২টার দিকে আসামিরা মার্কেটের নিচতলার এক ভাড়াটিয়ার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে স্টিলের আলমারি, ওয়াল শোকেসসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। এসব মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় ক্যাশ টেবিল ও ভেতরে থাকা ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
পরে দোকানটিতে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়। অন্য ভাড়াটিয়াদেরও আসামিদের মাধ্যমে ভাড়া পরিশোধের জন্য হুমকি দেওয়া হয় বলে বাদী অভিযোগ করেছেন।
মামলায় বলা হয়, গত ২০ আগস্ট সকাল ৯টার দিকে বাদীর মার্কেটে আসামিরা বৈঠক করেন। সেখানে আরিফ উদ্দিন বলেন, ২০ লাখ টাকা চাঁদা না দিলে তারা দোকান ও বাড়ির দখল ছাড়বেন না। আরমান উদ্দিন ফোনে বাদীকে চাঁদার দাবি মেনে নেওয়ার জন্য চাপ দেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া আসামিরা তাঁকে মারধর, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদী আমির হোসেন বলেন, পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানানোয় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। চাঁদা দাবির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আরমান উদ্দিন। তিনি বাদীকে চেনেন না দাবি করে বলেন, একটি পক্ষ বিভিন্নভাবে তাঁকে হেয় করতে পরিকল্পিতভাবে এমন অভিযোগ তুলেছে।
মতামত দিন