বরিশালে ৭টি শিয়াল হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল নগরীতে সাতটি শিয়াল পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর আওতায় মামলা করেছে বন বিভাগ।
রোববার (১২ জুলাই) বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন নুরুল ইসলাম (৩৩), মোহাম্মদ হারিস (৩৬), কামাল খলিফা (৩২) ও মোহাম্মদ জামাল খলিফা (৩২)। তারা সবাই বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বন বিভাগ জানায়, ঘটনার পর বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত ৮ জুলাই তিনি তদন্ত প্রতিবেদন জমা দিলে তার ভিত্তিতেই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রেঞ্জ কর্মকর্তা বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, স্থানীয় কয়েকজন শিয়ালগুলোকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। তবে শিয়ালের মাংস খাওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।
স্থানীয়দের ভাষ্য, গত ২ জুলাই বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় সাতটি শিয়াল হত্যা করা হয়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
মতামত দিন