নাটোরে ৪০০ শালিক হত্যা, ৪ জনের বিরুদ্ধে বন বিভাগের মামলা
নাটোরের নলডাঙ্গায় ফাঁদ পেতে প্রায় ৪০০ শালিক পাখি শিকার ও হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন বিভাগ।
রোববার (২৬ জুলাই) রাতে বাদী হয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে নলডাঙ্গা থানায় মামলাটি করেন রাজশাহীর সামাজিক বন বিভাগের ইনচার্জ (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম।
মামলার এজাহারে এই পরিবেশবিরোধী ঘটনার ফলে আনুমানিক ১০ লাখ টাকার পরিবেশগত ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
আসামিরা হলেন—উপজেলার হাটবিলা গ্রামের বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) এবং মো. সজীব (৩২)।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৯ জুলাই আসামিরা হাটবিলা বিলে ফাঁদ পেতে বিপুল পরিমাণ শালিক পাখি শিকার করেন। মূলত পাখির মাংস খাওয়ার উদ্দেশ্যে তারা এই ঘটনা ঘটান। ঘটনাটি শুরুতে গোপন থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাখি শিকারের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা প্রকাশ্যে আসে। বিষয়টি নজরে আসার পর অনুসন্ধানে নামে বন বিভাগ।
রাজশাহী বন বিভাগের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেই মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকা দমন এবং পরাগায়নে পাখিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসামিদের এই কর্মকাণ্ড পরিবেশ ও বন্যপ্রাণীর অপূরণীয় ক্ষতিসাধন করেছে, যা টাকার অঙ্কে প্রায় ১০ লাখ টাকা।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ নূরে আলম। তিনি জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন