Views Bangladesh Logo

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জালের অভিযোগে বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষর ও সংসদ সচিবালয়ের অফিসিয়াল প্যাড জাল করে বদলি ঠেকানো এবং কাঙ্ক্ষিত পদায়ন নেওয়ার চেষ্টার অভিযোগে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ উপবিভাগ-১-এর পরিচালক মো. মনির হোসেন।

মামলায় শাওন মজুমদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা শাওন মজুমদার ডেপুটি স্পিকারের জাল স্বাক্ষর ও সংসদ সচিবালয়ের লেটারহেড ব্যবহার করে একটি ভুয়া আধা-সরকারি পত্র (ডিও লেটার) তৈরি করেন। ওই নথির মাধ্যমে নিজের বদলি বাতিল করে পছন্দের স্থানে পদায়নের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

নথি অনুযায়ী, বরগুনা সদর থেকে শাওন মজুমদারকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলি করা হয়েছিল। পরে জাল করা ওই ডিও লেটারে তার বদলি আদেশ বাতিল করে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের অনুরোধ জানানো হয়।

সংসদ সচিবালয়ে চিঠিটি যাচাই করার পর বিষয়টি ধরা পড়ে। কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কোনো চিঠি সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুয়া চিঠিতে ব্যবহৃত ডেপুটি স্পিকারের স্বাক্ষর, ভাষা, বিন্যাস ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য সংসদ সচিবালয়ের প্রকৃত নথির সঙ্গে মিল নেই। সরকারের পদায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করতেই প্রতারণার মাধ্যমে এ জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বাদী আশঙ্কা প্রকাশ করেছেন, এ ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ জালিয়াত চক্র জড়িত থাকতে পারে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে অভিযুক্তদের মোবাইল ফোন, কম্পিউটার, ই-মেইলসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা এবং সংশ্লিষ্ট যোগাযোগ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।

জালিয়াতি, ভুয়া নথি ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে। এজাহারের সঙ্গে ভুয়া চিঠির অনুলিপি, সংসদ সচিবালয়ের প্রকৃত লেটারহেডের নমুনাসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ