Views Bangladesh Logo

গাছে বেঁধে স্কুলছাত্রী-যুবককে নির্যাতন: ৮ জনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমের অপবাদ দিয়ে এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে প্রধান আসামি নয়ন গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) রাতে নির্যাতনের শিকার যুবকের বাবা শিবনাথ বাড়ৈ কাশিয়ানী থানায় মামলাটি করেন। একই দিন ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে প্রধান আসামি নয়ন গোলদারকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই টিফিনের সময় কাশিয়ানী উপজেলার রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী এবং গোপালগঞ্জ সদর উপজেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী স্কুলসংলগ্ন এলাকায় কথা বলছিলেন। এ সময় অভিযুক্তরা তাদের ধরে স্কুলের ভেতরে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

এজাহারে আরও বলা হয়েছে, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির পাশাপাশি যুবকের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে যুবকের এক স্বজন টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

পরদিন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অপমান ও মানসিক চাপে ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ