Views Bangladesh Logo

সাভারে পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, ৬০০ জনের বিরুদ্ধে মামলা

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। বিস্ফোরক আইনে করা এ মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চার পোশাকশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে কারখানার অ্যাডমিন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. নুরুল আমিন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, সংঘবদ্ধ হামলাকারীরা কারখানায় অনধিকার প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের মারধর, কারখানায় ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, হামলায় ৮২ লাখ টাকার মালামাল ভাঙচুর এবং ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯২ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত শ্রমিকেরা কারখানাটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় কর্মীদের মারধরের ঘটনায় কারখানার নিরাপত্তারক্ষীরা চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

তিনি জানান, আটক চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ