Views Bangladesh Logo

পুলিশ ক্যাম্পের খাবার পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ ক্যাম্পের খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগের ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার (২৬ জুলাই) সকালে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় স্থাপিত পুলিশ ক্যাম্পের পানীয় জলে বিষাক্ত পদার্থ মেশানোর অভিযোগ ওঠে। ওই পানি পান করার পর তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর পুলিশ সন্দেহজনক পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর বিষাক্ত কোনো উপাদান ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে এ নাশকতার চেষ্টা চালিয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ