শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
শরীয়তপুর সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে সদর পালং মডেল থানায় মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাতবরসহ ২৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ইসলাম (২১) নামে এক আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতের সময় ছাত্রলীগের কর্মী ও সমর্থকেরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনায় আসে এবং স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নজরে আসে।
সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, স্মৃতিস্তম্ভের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে মূল পরিকল্পনাকারী হিসেবে ছাত্রলীগ নেতা মহসিন মাতবরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার রিয়াজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে