Views Bangladesh Logo

রিসেট বাটন

ড. ইউনূসের বক্তব্যের ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রিসেট বাটন নিয়ে একটি মন্তব্য করেন। ওই মন্তব্যের জেরে বিভিন্ন মহলে হচ্ছে আলোচনা–সমালোচনা ঝড় উঠে। প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘রিসেট বাটন টেপার মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বোঝাতে চেয়েছেন দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুনভাবে শুরু করা, যা বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি কোটি মানুষের ভোটের অধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে। বাংলাদেশের গর্বিত ইতিহাসকে মুছে ফেলার অর্থে তিনি বলেননি। যখন আপনি রিসেট বাটন চাপবেন তখন সফটওয়্যার আবার নতুন করে শুরু হয়। এটি হার্ডওয়্যারের পরিবর্তন করে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের হার্ডওয়্যার। ভয়েস অফ আমেরিকাকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকারকে কিছু মানুষ ভুল ব্যাখ্যা করছে।’

পোস্টে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ৮ আগস্ট ঢাকায় আসার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা হলো ১৯৭১ সালের দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ।’

শফিকুল আলম লেখেন, ‘অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি করার জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা চালান। তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ