Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার দুবাই সফর বাংলাদেশ-আমিরাত সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে: শফিকুল

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুবাই সফর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সফরের বড় অর্জন হলো আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।’ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পাওয়া এক বার্তায় বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ও আমিরাতের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা বন্ধ ছিল।’

তিনি বলেন, ‘এর নেতিবাচক প্রভাব পড়েছিল আমিরাতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ওপর।’

প্রেস সচিব আরও বলেন, ‘আমিরাত বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। তবে দুই দেশের দীর্ঘদিনের দূরত্বের কারণে বাংলাদেশি শ্রমিকদের সেখানে কর্মসংস্থানের সুযোগ কমছিল।’

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সফরকালে, প্রধান উপদেষ্টা আমিরাতের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিশ্ব সরকার সম্মেলনে (ডব্লিউজিএস) অংশ নেন।

দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগ পরিকল্পনা, ক্রীড়া ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান এবং দেশটি থেকে আরও বেশি কর্মী নিয়োগের অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টা দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনের (ডব্লিউজিএস) পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন এবং সিএনএন-এর বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় একটি আলোচনা অধিবেশনে বক্তব্য রাখেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ