Views Bangladesh Logo

দামি উপহার নয়, যত্নই একজন পুরুষকে আকর্ষণীয় করে: জেনিফার লোপেজ

হলিউড তারকা জেনিফার লোপেজের মতে, একজন পুরুষের আকর্ষণ দামি ঘড়ি, বিলাসবহুল গাড়ি বা ব্যক্তিগত বিমানে নয়; বরং প্রতিদিনের ছোট ছোট যত্নশীল আচরণেই প্রকাশ পায়।

ইতালির সিসিলির টাওরমিনায় ডলচে অ্যান্ড গাব্বানার এক বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করার সময় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রী। ২৪ জুলাই তার ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা এবং সম্পর্কে পারস্পরিক যত্নের গুরুত্ব তুলে ধরেন তিনি।

মঞ্চে ব্যাকআপ নৃত্যশিল্পীদের সঙ্গে হাস্যরসের মধ্যেই লোপেজ বলেন, তার কোনো পুরুষের অর্থ বা বিলাসবহুল উপহারের প্রয়োজন নেই। তিনি উপস্থিত নারীদেরও মনে করিয়ে দেন, নিজেদের উপার্জন থাকলে অন্যের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়ে না। তবে ভালোবাসা থেকে দেওয়া উপহার অবশ্যই আনন্দের।

এরপরই তিনি জানান, একজন পুরুষের কোন গুণ তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে।

লোপেজ বলেন, ‘জানো, একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে কী? সেটা ঘড়ি নয়, গাড়ি নয়, ব্যক্তিগত বিমানও নয়। এগুলো ভালো লাগতেই পারে। কিন্তু সত্যিকারের আকর্ষণীয় লাগে, যখন দেখি সে সকালে নিজের বিছানা গুছিয়ে রাখে বা রাতে আমি ক্লান্ত থাকলে আমার জন্য বাসন ধুয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘এটাই আমার কাছে সত্যিকারের আকর্ষণীয়। কারণ, নারীরাই তো প্রায় সব কাজ করে থাকি।’

জেনিফার লোপেজ চারবার বিয়ে করেছেন। প্রথম স্বামী ছিলেন ওজানি নোয়া। পরে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন। ২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন, যাদের যমজ সন্তান ম্যাক্স ও এমে রয়েছে। পরে তাদের বিচ্ছেদ হয়।

এরপর সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে তার বাগদান হলেও সেই সম্পর্ক বিয়েতে গড়ায়নি। সবশেষে পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেককে ২০২২ সালে বিয়ে করলেও ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ আইনিভাবে চূড়ান্ত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ