Views Bangladesh Logo

এক ঘণ্টা পেরিয়েও গোলের দেখা নেই, স্পেনের আক্রমণ নস্যাৎ করে দিচ্ছে কেপ ভার্দে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে এক ঘণ্টা পার হলেও গোলের দেখা পায়নি স্পেন। নির্ধারিত সময়ের ৬০ মিনিট শেষে স্কোরলাইন ০–০, আর অভিষেক ম্যাচে দুর্দান্ত লড়াই চালিয়ে যাচ্ছে আফ্রিকার দলটি।

প্রথমার্ধে বলের দখল প্রায় পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণে থাকলেও সেই আধিপত্যকে গোলে রূপ দিতে পারেনি তারা। শুরুর দিকে আক্রমণে ধার কম থাকলেও বিরতির আগে কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিল স্প্যানিশরা।

ফেরান তোরেসের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মিকেল ওইয়ারসাবাল-এর হেড অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে তোরেস ও এমেরিক লাপোর্ত’র আরও দুটি সম্ভাবনাময় আক্রমণ নস্যাৎ করে দেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

ভোজিনিয়ার একের পর এক দুর্দান্ত সেভে স্পেনের আক্রমণ বারবার ব্যর্থ হয়েছে। তার দৃঢ় পারফরম্যান্সে বিশ্বকাপ অভিষেক ম্যাচে এখন পর্যন্ত সমতা ধরে রেখেছে কেপ ভার্দে।

এর আগে কেপ ভার্দে চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি গড় বয়সের (৩১ বছর ২৬ দিন) শুরুর একাদশ নিয়ে মাঠে নেমে রেকর্ড গড়েছে। সেই একাদশেরই সবচেয়ে অভিজ্ঞ সদস্য ভোজিনিয়া, যিনি নিজের অভিজ্ঞতা দিয়ে স্পেনের ফরোয়ার্ডদের সামনে কার্যত দেয়াল হয়ে দাঁড়িয়েছেন।

ম্যাচের এক ঘণ্টা শেষে গোলশূন্য সমতায় থাকলেও স্পেনের আক্রমণের চাপ অব্যাহত রয়েছে। অন্যদিকে কেপ ভার্দে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ আর ভোজিনিয়ার অসাধারণ গোলকিপিংয়ে মূল্যবান একটি পয়েন্টের আশায় লড়াই চালিয়ে যাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ