ভোজিনিয়ার দুর্গে আটকে গেল স্পেন, বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস কেপ ভার্দের
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ এইচের উদ্বোধনী ম্যাচে অঘটনের জন্ম দিল কেপ ভার্দে। ইউরোপীয় চ্যাম্পিয়ন ও বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনকে ০-০ গোলে ড্র করতে বাধ্য করেছে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা দলটি। পুরো ম্যাচ ধরে বল দখলে এগিয়ে থেকেও, একের পর এক আক্রমণ গড়েও স্পেন গোলের দেখা পেল না। সব রুদ্ধ করে দিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া।
প্রথমার্ধে স্পেন বল দখলে ৭০ শতাংশ এগিয়ে ছিল এবং এক্সপেক্টেড গোল ছিল ১.১৫, বিপরীতে কেপ ভার্দের মাত্র ০.০৪। পরিসংখ্যানে এত বড় ব্যবধান থাকলেও গোল আসেনি। ১৫তম মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন কেপ ভার্দের ডিফেন্ডার সিদনি লোপেস কাবরাল। এরপর একে একে রডরি, পেদ্রি, ফাবিয়ান রুইজ শট নিলেও ভোজিনিয়াকে পেরোতে পারেননি কেউ।
প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগ আসে একদম শেষ মুহূর্তে। কুকুরেয়ার হেড পেয়ে মাত্র পাঁচ গজ দূর থেকে ফেরান তোরেস ক্রসবারে আঘাত করেন। গড়িয়ে আসা বল থেকে ওয়ার্জাবালের ফলো-আপ হেডারও ভোজিনিয়া অসাধারণ সেভে থামিয়ে দেন। বিরতিতে স্কোরবোর্ড অপরিবর্তিত থাকে।
দ্বিতীয়ার্ধে স্পেন আরও মরিয়া হয়ে ওঠে। ৭০তম মিনিটে হ্যামস্ট্রিং চোট থেকে ফেরা তরুণ তারকা লামিন ইয়ামাল এবং মিকেল মেরিনোকে মাঠে নামানো হয়। ইয়ামালের উপস্থিতিতে মাঠ উত্তপ্ত হয়ে ওঠে, তবে কেপ ভার্দের রক্ষণ তখনও অভেদ্য। একটি আক্রমণে ওলমোর পাস পেয়ে ওয়ার্জাবালের শট লক্ষ্যে যাচ্ছিল, কিন্তু ডিফেন্ডার লোপেসের নিচু ব্লকে সেটি আটকে যায়। শেষ পর্যন্ত ০-০তেই শেষ হয় ম্যাচ।
ম্যাচ শেষে স্পেনের এক্সপেক্টেড গোল দাঁড়ায় ১.৭৩, কেপ ভার্দের মাত্র ০.৪১। শট সংখ্যায়ও স্পেন এগিয়ে ছিল ১০-৩ ব্যবধানে। কিন্তু পরিসংখ্যানে ফুটবল জেতে না — এটাই প্রমাণ করে দিল কেপ ভার্দে।
ম্যাচের একক নায়ক ছিলেন ভোজিনিয়া। পুরো ম্যাচে মোট সাতটি সেভ করেছেন তিনি, প্রতিটিই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গড় বয়সের একাদশ নিয়ে মাঠে নামা কেপ ভার্দের এই ৪০ বছর বয়সী গোলরক্ষক এদিন রচনা করলেন এক অবিশ্বাস্য অধ্যায়।
ফিফা র্যাংকিংয়ে স্পেন দ্বিতীয়, কেপ ভার্দে ৬৭তম। কাগজে-কলমে দুই দলের ব্যবধান ছিল বিশাল। স্পেন সম্প্রতি বিশ্বকাপে খুব একটা ভালো করছে না — শেষ ছয়টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে মাত্র একটিতে নব্বই মিনিটের মধ্যে জিতেছে তারা, সেটি ছিল ২০২২ সালে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের জয়।
এই ড্রয়ের পর গ্রুপ এইচে চাপ আরও বাড়ল লুইস দে লা ফুয়েন্তের দলের ওপর। এই ফলাফলে গ্রুপ এইচে স্পেন ও কেপ ভার্দে এক পয়েন্ট করে নিয়ে একই অবস্থানে রয়েছে। পরবর্তী ম্যাচে স্পেন ২১ জুন মুখোমুখি হবে সৌদি আরবের, আর কেপ ভার্দের সামনে থাকবে কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে।
মতামত দিন