উরুগুয়ের ভুলে ম্যাচে ফিরল কেপ ভার্দে, সমতায় জমে উঠল লড়াই
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে রোমাঞ্চ ছড়াচ্ছে উরুগুয়ে ও কেপ ভার্দে। প্রথমার্ধে পিছিয়ে পড়েও উরুগুয়ে লিড নিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচে ফিরে এসেছে বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দলটি।
ম্যাচের ২১ মিনিটে কেভিন পিনার দুর্দান্ত ফ্রি-কিক গোলে ইতিহাস গড়ে কেপ ভার্দে। এটি ছিল বিশ্বকাপে দেশটির প্রথম গোল। গোল হজমের পর বলের দখল ও আক্রমণে আরও আধিপত্য বিস্তার করে উরুগুয়ে। তবে কেপ ভার্দের জমাট রক্ষণ ও গোলরক্ষক ভোজিনিয়ার দৃঢ়তায় দীর্ঘ সময় গোলের দেখা পায়নি দক্ষিণ আমেরিকার দলটি।
অবশেষে ৪৪ মিনিটে সমতা ফেরান মাক্সিমিলিয়ানো আরাউহো। রদ্রিগো বেনতানকুরের হেড ভোজিনিয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যানুয়েল উগার্তের ক্রস থেকে বেনতানকুরের হেড পোস্টে লেগে ফিরে এলে আরাউহোর বাড়ানো বলে আগুস্তিন কানোবিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
বিরতিতে এগিয়ে থাকা উরুগুয়ে দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছিল। কিন্তু ৬১ মিনিটে রক্ষণে বড় ভুল করে বসেন ডিফেন্ডার মাথিয়াস অলিভেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে বদলি খেলোয়াড় হেলিও ভারেলা দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান। তার গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে কেপ ভার্দে।
ম্যাচের শুরু থেকে বলের দখলে এগিয়ে ছিল উরুগুয়ে। কিন্তু সুযোগ কাজে লাগানোর দক্ষতা ও লড়াকু মানসিকতায় বারবার জবাব দিয়েছে কেপ ভার্দে। প্রথম বিশ্বকাপে অংশ নিয়েই স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর এবার উরুগুয়ের বিপক্ষেও দারুণ প্রতিরোধ গড়ে তুলেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।
মতামত দিন