৫ জানুয়ারির মধ্যে ৪৩তম বিসিএসে বাদপড়া ক্যাডারদের গেজেটভুক্ত করার দাবি
৪৩তম বিসিএসে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের নাম ৫ জানুয়ারির মধ্যে গেজেটভুক্তির দাবি জানিয়েছেন চাকরি বঞ্চিতরা, যেন ১৫ জানুয়ারির মধ্যে তাদের যোগদান নিশ্চিত হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে বারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদ পড়া মাসুমা আক্তার।
তিনি বলেন, ‘আমরা ৪৩তম বিসিএসের সব পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হই। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২৬টি ক্যাডারের জন্য আমাদেরসহ দুই হাজার ১৬৩ জনকে সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। কয়েক দফায় তদন্ত শেষে সুদীর্ঘ ১০ মাস পর গত বছরের ১৫ অক্টোবর প্রকাশিত গেজেটে সুপারিশপ্রাপ্তদের সবার সঙ্গে আমাদেরকেও অন্তর্ভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু প্রথম গেজেট অন্তর্ভুক্ত হয়েও ৩০ ডিসেম্বর প্রকাশিত দ্বিতীয় গেজেটে ১৬৮ জনসহ ২২২ জনকে বাদ দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে’।
তিনি আরো বলেন, ‘সুপারিশপ্রাপ্তির পর থেকে আমাদের অনেকেই সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর একাধিক চাকরিতে সুযোগ লাভ করেও যোগদান করেননি। পূর্ববর্তী চাকরি থেকে অব্যাহতি নেন আরও অনেকেই। ফলে ২২২ জন চাকরি হারিয়ে বেকার হয়ে যাওয়ায় তাদের উপর নির্ভরশীল পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, চরম হতাশা এবং দিশেহারা হয়ে পড়েছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে